
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে আগামী ১২ নভেম্বর ভোট হতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব ইউপিতে সাত ধাপে নির্বাচন আয়োজনের প্রাক-প্রস্তুতি শুরু হয়েছে।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর হতে পারে। চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনার জানান, এসব তারিখ এখনো চূড়ান্ত নয়, প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে।